• ঢাকা
  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রবাসীর বাড়িতে সিদ কেটে চুরির চেষ্টা, আতঙ্কে পুরো এলাকা


বানারীপাড়া প্রতিনিধি মার্চ ২৮, ২০২৬, ০৯:৫৮ এএম
প্রবাসীর বাড়িতে সিদ কেটে চুরির চেষ্টা, আতঙ্কে পুরো এলাকা

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামে এক প্রবাসীর বাড়িতে গভীর রাতে প্রাচীন কৌশল ‘সিদ কেটে’ চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সংঘটিত এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মিজান ফকিরের বাড়ির মাটির দেয়াল কেটে চোরের দল ঘরের ভেতরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, তারা আগে থেকেই বাড়িটি লক্ষ্যবস্তু করে রেখেছিল। ঘরে ঢুকে চোরেরা মোবাইল ফোন, স্বর্ণালংকার (মেয়ের কানের দুল) ও নগদ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করে।

তবে হঠাৎ প্রবাসীর স্ত্রী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়দের সাড়া পড়ে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে চোরেরা দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় ঘটনাস্থলে একটি ছুরি, সাইকেল, পাঞ্জাবি, টুপি ও চাবি ফেলে রেখে যায় তারা।

পরে স্থানীয়রা এসব আলামত উদ্ধার করে ধারণা করছেন, এগুলোর সূত্র ধরেই অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হবে। ইতোমধ্যে কয়েকজন সন্দেহভাজনের নামও এলাকায় আলোচনায় এসেছে।

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে মাদকাসক্তি ও অনলাইন জুয়ার প্রসারের কারণে এমন অপরাধ বেড়েই চলেছে। দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এম

Wordbridge School
Link copied!