• ঢাকা
  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অনির্দিষ্টকালের কর্মবিরতি: উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ


নীলফামারী প্রতিনিধি   মার্চ ২৯, ২০২৬, ০৬:৪৪ পিএম
অনির্দিষ্টকালের কর্মবিরতি: উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

ছবি : প্রতিনিধি

নীলফামারী: তেল চুরির দায়ে তিন শ্রমিককে কারাদণ্ড ও আর্থিক জরিমানার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে রংপুর বিভাগীয় আজ জেলার ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন। এতে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। জেলাগুলো হলো- নীলফামারী, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও।

রোববার (২৯ মার্চ) সকাল থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সব কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন পেট্রোল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্টরা।

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, শনিবার (২৮ মার্চ) রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে একটি কোম্পানির জ্বালানি তেল নিয়ে নীলফামারীর দিকে যাচ্ছিলেন তিন শ্রমিক। পথে তেলবাহী লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তারা কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন। এসময় নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেন।

তবে জেলা প্রশাসনের দাবি, শনিবার রাতে তারা শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের সামনে তেলবাহী লরি থামিয়ে পাচারের উদ্দেশ্যে তেল ড্রামে ভরছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে তেলবাহী লরির চালক, হেলপারসহ তিনজনকে আটক করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনের ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, ‌‘আটক শ্রমিকদের মুক্তি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তার বদলি না হলে এই কর্মবিরতি চলবে।’

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভুঁইয়া জানান, দণ্ডপ্রাপ্তরা তেলবাহী লরি থেকে তেল পাচারের উদ্দেশ্যে বোতলে ভরছিলেন। এসময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। রোববার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, বিধি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দণ্ড দেওয়া হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!