• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পরকীয়া প্রেমিক হত্যার ঘটনায় প্রেমিকার ছেলে আটক 


কক্সবাজার প্রতিনিধি এপ্রিল ১১, ২০২৬, ১০:১৭ এএম
পরকীয়া প্রেমিক হত্যার ঘটনায় প্রেমিকার ছেলে আটক 

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মহুরী পাড়া পাতাবুনিয়া এলাকায় মায়ের পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে মো. আজিম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রবিউল হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. আজিম কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আব্দুর রহমানের ছেলে। তার সঙ্গে ঝিলংজা এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী রেহেনা বেগমের পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। প্রায় এক সপ্তাহ আগে পারিবারিক বিষয় নিয়ে রেহেনা বেগমের ছেলে রবিউল হোসাইনের সঙ্গে আজিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রবিউল কাঠের বাটাম দিয়ে আজিমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে তাকে আরও কয়েক দফা আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় রেহেনা বেগম নিজেকে বোন পরিচয় দিয়ে আজিমকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। টানা তিন দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল সন্ধ্যায় তিনি মারা যান।

নিহতের ভাই আব্দুল্লাহ অভিযোগ করেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনাটি ভিন্নখাতে নিতে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার এসআই নুর মোহাম্মদ জানান, পাচলাইশ থানা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামি রবিউল হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত কাঠের বাটাম জব্দ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ কক্সবাজারে এনে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এম

Link copied!