বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে দুই দিনব্যাপী বৈশাখী মেলাকে কেন্দ্র করে বসেছে উৎসবের আমেজ। এরই মধ্যে মেলার অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে চাঁদপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী পোস্ট অফিস বাজারে অনুষ্ঠিত হয় এই ঘোড়দৌড় প্রতিযোগিতা। নির্ধারিত পথে খুরের টগবগ শব্দ তুলে পাঁচটি ঘোড়া অংশ নেয় প্রতিযোগিতায়। কে কাকে পেছনে ফেলে এগিয়ে যাবে এমন উত্তেজনায় মুহূর্তেই প্রাণচঞ্চল হয়ে ওঠে পুরো মাঠ। দর্শকদের করতালি, উল্লাস আর চিৎকারে মুখরিত হয়ে ওঠে মেলার পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মেলাকে ঘিরে আশপাশের গ্রামগুলোতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আত্মীয়-স্বজন, মেয়ে-জামাইদের দাওয়াত দিয়ে অনেক পরিবার একত্রিত হন এই আয়োজনে। শুধু স্থানীয় নয়, আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও ছুটে আসেন দর্শনার্থীরা।
ঘোড়দৌড় ছাড়াও মেলায় ছিল নানা আয়োজন। দর্শনার্থীদের বাড়তি বিনোদন দিতে ছিল ম্যাজিক প্রদর্শনী, নাগরদোলা, নৃত্যানুষ্ঠানসহ বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান।
বরিশাল জেলা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন,আমার বাবা সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল সত্তার হাওলাদার প্রায় ৪০ বছর আগে এই পোস্ট অফিস বাজার প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর এখানে বৈশাখী মেলার আয়োজন করা হয়। রাজনৈতিক কারণে গত দুই বছর মেলা বন্ধ থাকলেও এ বছর আবার ঐতিহ্য ফিরে এসেছে।
আয়োজক কমিটির সদস্য ও যুবদল নেতা আরিফুর রহমান ইরান এবং রনি বলেন, এই মেলাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। দীর্ঘ দুই বছর পর মেলা শুরু হওয়ায় মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিশেষ করে ঘোড়দৌড় দেখতে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন।
চাঁদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান সুবুজ বলেন,পোস্ট অফিস বাজারের এই মেলা দীর্ঘদিন ধরে মানুষের আনন্দের উৎস। ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই বৈশাখী মেলা স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে।
এম







































