ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার হেতালবুনিয়া গ্রামে দীর্ঘদিনের জমিজমা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সদর ইউনিয়ন বিএনপির এক নেতা আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. শাহজাহান মাষ্টার এবং মো. সিদ্দিক উকিল ও ফুল মিয়া উকিলের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশের উদ্যোগ নেওয়া হলেও সমাধান হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৬ এপ্রিল সকালে শাহজাহান মাষ্টার বাগান থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে সদর ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কবির মৃধা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিরোধ মীমাংসার চেষ্টা চললেও প্রতিপক্ষ পক্ষ একাধিকবার সহিংস আচরণ করেছে।
সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে এবং বিষয়টি সালিশ পর্যায়ে আছে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাসের রায়হান জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ







































