• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন


নোয়াখালী প্রতিনিধি এপ্রিল ১৮, ২০২৬, ০৭:৫৮ পিএম
শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরের দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক মো. আবুল খায়েরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে “ষড়যন্ত্রমূলক” দাবি করে মামলা প্রত্যাহার ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নে মাদরাসা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় মসজিদের সেক্রেটারি মো. জাহের হোসেন, মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি মাফুজুর রহমান আল মাদানী এবং হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ শহীদ উল্যাহসহ অনেকে।

বক্তারা দাবি করেন, প্রধান শিক্ষক মো. আবুল খায়েরের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা অভিযোগকারীকে নিয়ে প্রশ্ন তুলে বলেন, দীর্ঘদিন ধরে তার কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয়ে আসছে।

তারা আরও বলেন, ঘটনার প্রায় দুই মাসের বেশি সময় পর মামলা দায়ের করা হয়েছে, যা তাদের মতে সন্দেহজনক এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তারা।

এদিকে মামলার বাদী অভিযোগের বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং অভিযোগগুলো সঠিক বলে দাবি করেছেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএইচ 

Link copied!