• ঢাকা
  • রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফরিদপুরে লরি ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা, কলেজছাত্রীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৯, ২০২৬, ০৮:০২ পিএম
ফরিদপুরে লরি ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা, কলেজছাত্রীর মৃত্যু

ফাইল ছবি

ফরিদপুর শহরে লরি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় উপাসনা ঘোষ (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে শহরের মেরিন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপাসনা ঘোষ শহরের ঝিলটুলি এলাকার উত্তম ঘোষের মেয়ে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। আহত আকাশ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ মোটরসাইকেলে উপাসনাকে নিয়ে শহরের টেপাখোলা এলাকার একটি পেট্রলপাম্প থেকে জ্বালানি নিয়ে ফিরছিলেন। পথে মেরিন ইনস্টিটিউটের সামনে ইটভাটার মাটি বহনকারী একটি লরি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত আকাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, ওই সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কে নজরদারি ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, লরি ট্রাকের চালক ও সহকারীকে হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

এসএইচ 

Link copied!