ছবি : প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মো. ফয়সালকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এসআই রূপন নাথের নেতৃত্বে হাটহাজারী থানার একটি আভিযানিক দল রায়পুরা উপজেলার নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, গত ২৬ মার্চ হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার একটি তুলার গুদামে ভয়ভীতি দেখিয়ে ভিক্টিমকে ধর্ষণ করা হয়। পরে ভিক্টিম চিৎকার করলে আসামি ও তার সহযোগীরা তাকে হত্যা করে গুদামের বস্তার নিচে লাশ লুকিয়ে রাখে।
ঘটনার পর আসামি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়। তাকে গ্রেফতারের লক্ষ্যে হাটহাজারী থানা পুলিশ মানিকছড়ি ও কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। সর্বশেষ টানা ৭২ ঘণ্টার অভিযানে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
জবানবন্দিতে পাওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পিএস







































