ছবি : প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার মোহাম্মদ নগরে পাঁচ বছরের এক শিশুর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. হাসান (৩৯) নামে এক ব্যক্তিকে থানায় নিয়ে গেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ মে) বিকেলে তারা জানতে পারে, মধ্যরাতে মোহাম্মদ নগর এলাকায় ওই শিশুর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে রাখেন।
এরপর বিকেল পাঁচটার দিকে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগকারী শিশুকে ও অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে আসেন।
পুলিশ জানিয়েছে, বর্তমানে উভয় পক্ষ থানায় অবস্থান করছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, গতকাল রাতে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনায় সাধারণ মানুষের ভিড়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই নগরের বায়েজিদ এলাকায় নতুন করে শিশুর শ্লীলতাহানির অভিযোগ সামনে এলো।
পিএস







































