• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইমামতির পাশাপাশি কৃষিতেও আলো ছড়াচ্ছেন শিক্ষক শরীফ


পিরোজপুর প্রতিনিধি  জুন ৪, ২০২৬, ০৬:০২ পিএম
ইমামতির পাশাপাশি কৃষিতেও আলো ছড়াচ্ছেন শিক্ষক শরীফ

ছবি: প্রতিনিধি

শিক্ষকতা ও ইমামতির পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি আধুনিক কৃষিকাজ, মাছ চাষ এবং গবাদিপশু পালন করে সফলতার এক অনন্য দৃষ্টান্ত গড়েছেন পিরোজপুরের মুহাম্মদ শরীফ বিল্লাহ। জেলার জিয়ানগর উপজেলার প্রত্যন্ত চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামের এই বাসিন্দা এখন স্থানীয় বেকার যুবক ও সাধারণ কৃষকদের জন্য আত্মনির্ভরতার এক বড় অনুপ্রেরণা।

৪৬ বছর বয়সী শরীফ বিল্লাহ জেলা শহরের একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক এবং নিজের গ্রামের বায়তুল হামদ জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে ইমাম প্রশিক্ষণ গ্রহণের পর তিনি কৃষিকে জীবনযাপনের অন্যতম চালিকাশক্তি হিসেবে বেছে নেন। বর্তমানে বাড়ির পাশে প্রায় পাঁচ কাঠা জমিতে পুঁইশাক, লাউ, ঢেঁড়স, করলা, মিষ্টিকুমড়া, বরবটি ও পেঁপেসহ নানা পদের সবজির আবাদ করেছেন তিনি। এই কাজে তাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন তার ভাই স্কুল শিক্ষক আরিফ বিল্লাহ।

শুধু সবজি চাষেই শরীফ বিল্লাহর এই কর্মযজ্ঞ সীমাবদ্ধ নয়। বাড়ির পাশের অন্য একটি পুকুরে উন্নত ও আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ হাজার টাকার মাছ চাষ করছেন তিনি। মাছের সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে তিনি ডিজিটাল যন্ত্রের মাধ্যমে নিয়মিত পানির পিএইচ পরীক্ষা করেন। এর পাশাপাশি বাড়তি আয়ের অংশ হিসেবে গরু মোটাতাজাকরণ ও মুরগিও পালন করছেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা জানান, শরীফ বিল্লাহর এই আধুনিক চাষাবাদ পদ্ধতি দেখে পুরো এলাকার মানুষের মধ্যে এক ধরণের ইতিবাচক সাড়া পড়েছে। তিনি শুধু নিজে চাষাবাদই করছেন না, বরং এলাকার অন্যান্য চাষিদের বিভিন্ন কৃষি উপকরণ এবং আধুনিক পরামর্শ দিয়ে বিনামূল্যে সহযোগিতা করছেন। তার দেখানো পথ ধরে গ্রামের অনেকেই এখন গরু মোটাতাজাকরণ ও আধুনিক সবজি চাষের দিকে ঝুঁকছেন।

নিজের এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে শরীফ বিল্লাহ জানান, একজন ইমামের কৃষিতে সফল হওয়ার গল্প দেখেই মূলত তিনি এই কাজে অনুপ্রাণিত হন। পরীক্ষামূলকভাবে শুরু করে অল্প সময়েই তিনি ব্যাপক সফলতা পান। সরকারিভাবে কৃষি ঋণ পেলে নিজের খামারের পরিধি আরও বড় করার ইচ্ছার কথা জানান তিনি।

জিয়ানগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, শরীফ বিল্লাহ কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি সরকারি কৃষি প্রণোদনাও পেয়েছেন। তিনি নিয়মিত কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে চলেন এবং ভবিষ্যতে তাকে সব ধরণের সহযোগিতা দেওয়া হবে।

কৃষি ও শিক্ষকতার পাশাপাশি শরীফ বিল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের অধীনে একটি সহজ কুরআন শিক্ষা কেন্দ্রও পরিচালনা করছেন। এর আগে তিনি ৪৫ দিনের ইমাম প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে ১০৩ জনের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী শরীফ বিল্লাহ প্রমাণ করেছেন যে সঠিক প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি এবং আন্তরিক ইচ্ছা থাকলে গ্রামীণ অর্থনীতিতে এক বিরাট পরিবর্তন আনা সম্ভব।

এসএইচ 

Link copied!