• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ময়মনসিংহে মেঘের গর্জন কেড়ে নিল শিক্ষকসহ দুজনের প্রাণ


ময়মনসিংহ প্রতিনিধি জুন ৪, ২০২৬, ০৬:০৮ পিএম
ময়মনসিংহে মেঘের গর্জন কেড়ে নিল শিক্ষকসহ দুজনের প্রাণ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের পৃথক দুটি স্থানে আজ বৃহস্পতিবার (৪ জুন) বজ্রপাতে এক কলেজ শিক্ষকসহ দুজনের মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১২টার দিকে মুক্তাগাছা উপজেলার রৌহারচর গ্রামে এবং সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও উপজেলার মধ্য লামকাইন গ্রামে এই পৃথক বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মুক্তাগাছা উপজেলার রৌয়ারচর গ্রামের খালেকুল আজাদ (৬০) এবং গফরগাঁও উপজেলার পাঁচভাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামের সিয়াম খান (২৮)। এর মধ্যে খালেকুল আজাদ স্থানীয় গাবতলী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সহকারী অধ্যাপক খালেকুল আজাদ মুক্তাগাছা পৌর শহরের হৃদয়মোড় এলাকায় সপরিবারে বসবাস করলেও আজ বেলা সাড়ে ১২টার দিকে তিনি উপজেলার রৌহারচর গ্রামে নিজের গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে অসচেতনভাবে হাঁটাহাঁটি করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁওয়ের লামকাইন গ্রামে মেঘাচ্ছন্ন আকাশের মধ্যেই নিজের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিলেন তরুণ সিয়াম খান। এ সময় আচমকা বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনাতেও থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

এসএইচ 

Link copied!