ছবি : প্রতিনিধি
রাজশাহী: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে রাজশাহীর পবা উপজেলায় একটি বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে পবা উপজেলার নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মিছিলটি বের করা হয়।
কয়েক মিনিট স্থায়ী এ মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন। পরে খবর পেয়ে পুলিশ বিষয়টি তদন্তে নেমেছে। মিছিলে কারা অংশ নিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
মিছিলের ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে’ -এমন স্লোগান সংবলিত লেখা দেখা যায়। এ সময় বিভিন্ন স্লোগানও দেন নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রায় ২৫/৩০ জন নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পুঠিয়াপাড়া এলাকায় হঠাৎ করেই মিছিলটি বের করা হয়। অল্প সময়ের মধ্যেই কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা চলে যান। মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মীর মুখে মাস্ক ছিল। তবে মাস্ক না থাকা অংশগ্রহণকারীদের মধ্যে পবা উপজেলার কাটাখালী পৌরসভা যুবলীগের আহ্বায়ক জনি ইসলামকে দেখা গেছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, মিছিলের বিষয়টি তাঁর জানা নেই। কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের কর্মসূচি পালন করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কাজ শুরু করবে বলেও জানান তিনি।
পিএস







































