ছবি : প্রতিনিধি
পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ের সামনে আগুন, একইসঙ্গে বিভিন্ন ব্যানারে রাজনৈতিক স্লোগান ও তিনজন জামায়াত নেতাকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার ১১ নম্বর বড় মাছুয়া ইউনিয়নের হাইস্কুল সংলগ্ন জামায়াতের ইউনিয়ন কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকালে উপজেলার ১১ নম্বর বড় মাছুয়া ইউনিয়নের হাইস্কুল সংলগ্ন জামায়াতের ইউনিয়ন কার্যালয়ের সামনে গাড়ির টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়। পরে সেখানে থাকা হাতে লিখিত বিভিন্ন কাগজ সম্বলিত পোস্টারে হুমকিমূলক ও আপত্তিকর লেখা দেখতে পান স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া নেতাকর্মীরা আরও একটি পোস্টারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান লেখা দেখতে পান।
এসময় সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি ও বর্তমান একই ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি রাকিব চাপরাশি এবং সাধারণ সম্পাদক সাইফুলকে উদ্দেশ্য করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এই প্রতিবেদককে আজ বিকালে জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পিএস























-20260722160634.jpg)















