• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যেসব পরিবর্তনে বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৩, ২০২৬, ০৫:১৮ পিএম
যেসব পরিবর্তনে বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

ছবি: সংগৃহীত

একটি ক্ষুদ্র পুস্তিকা, কিন্তু এর প্রতিটি পাতায় বহন করে রাষ্ট্রের সার্বভৌম পরিচয়, কূটনৈতিক অবস্থান ও জাতীয় চেতনার গভীর বার্তা। সেই পরিচয় ও চেতনায় এক বিশাল আমূল পরিবর্তন নিয়ে আসছে বাংলাদেশের ই-পাসপোর্ট। দীর্ঘ ছয় বছর পর পাসপোর্টে আবারও ফিরছে বহুল আলোচিত ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ।

একই সঙ্গে ভেতরের পাতাগুলোর ভিজ্যুয়াল জলছাপে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের তিন অকুতোভয় শহীদ-আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিমের প্রতিচ্ছবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নতুন সিদ্ধান্ত কেবল নথির সংস্কার নয়, বরং কূটনৈতিক ও রাজনৈতিক অবস্থানের এক স্পষ্ট বার্তা।

পাসপোর্টে পুনরায় ‘ইসরায়েল ব্যতীত’ কথাটি ফিরিয়ে আনাকে বাংলাদেশের দীর্ঘদিনের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের স্পষ্ট অবস্থানের পুনর্ব্যক্ত হিসেবে দেখছেন সাধারণ নাগরিকরা। এর পাশাপাশি রংপুরে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেওয়া আবু সাঈদ, উত্তরায় তৃষ্ণার্তদের পানি হাতে মুগ্ধ এবং জাতীয় পতাকার পোশাকে ওয়াসিমের ছবি যুক্ত করা বৈষম্যবিরোধী ও গণতান্ত্রিক চেতনার এক জীবন্ত প্রতীকে পরিণত করবে প্রতিটি পাসপোর্টকে।

বিশ্লেষকদের মতে, কর্তৃত্ববাদী চিহ্নের অবসান ঘটিয়ে নতুন প্রজন্মের আন্দোলন ও গণ-মানুষের আত্মত্যাগকে বিশ্বমঞ্চে তুলে ধরার এটি একটি অনন্য কূটনৈতিক প্রয়াস। তবে বর্তমানে যারা পুরোনো পাসপোর্ট ব্যবহার করছেন, তাদের এখনই এটি পরিবর্তনের প্রয়োজন নেই; মেয়াদ শেষে নবায়নের সময় এই নতুন সংস্করণের পাসপোর্ট হাতে পাবেন তারা। পরিবর্তনশীল রাজনীতি ও তরুণ প্রজন্মের আত্মত্যাগের ইতিহাস বুকে নিয়ে বিশ্বজুড়ে নতুন পরিচয়ে পথচলা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

এসএইচ 
 

Link copied!