ছবি : প্রতিনিধি
লক্ষ্মীপুর: মাত্র ৮ বছর বয়সেই পবিত্র কুরআনে হাফেজ হয়েছে শিশু আব্দুর রহমান। যাতে তার সময় লাগে এক বছরেরও কম সময়। এতো অল্প বয়সে ৩০ পারা কুরআন মুখস্ত করে হাফেজ হওয়ায় খুশি পরিবার ও শিক্ষকরা। সকলেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।
আব্দুর রহমান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করুনা নগর এলাকার কৃষক আবুল কালামের ছেলে ও হাজিরহাট আল ইহদা ইসলামিক ইন্সটিটিউট এর হিফয বিভাগের ছাত্র।
আব্দুর রহমান বলেন, আমার বাবার স্বপ্ন ছিলো আমাকে হাফেজ বানাবেন। তাই আমাকে আল ইহদা ইসলামিক ইন্সটিটিউট মাদ্রাসার হিফ্জ বিভাগে ভর্তি করেন। আমি সবার স্বপ্ন পূরণে মনোযোগী ছিলাম। হাফেজ হতে শিক্ষকরাও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমি ‘বড় হয়ে যেন বড় আলেম হতে পারি সবাই সে দোয়াই করবেন।’
জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি মাসে আল ইহদা ইসলামিক ইন্সটিটিউট মাদ্রাসার হিফ্জ বিভাগে ভর্তি হয় আবদুর রহমান। এরআগে আরেকটি মাদ্রাসার হিফয বিভাগে ৬ মাসের মতো পড়ে ১৫ পারা কুরআন মুখস্ত করে সে। পরে সেখান থেকে এ মাদরাসায় নিয়ে আসা হয়ে তাকে। এখানেই বাকি ১৫ পারা মুখস্ত করে এক বছরের কম সময়ে সে কুরআনে হাফেজ হয়।
তার বাবা আবুল কালাম বলেন, আমার দুই ছেলে। দুজনকেই হাফেজ বানানোর স্বপ্ন ছিলো। কিন্তু বড় ছেলেকে হাফেজ বানাতে পারিনি, সে এখন জেনারেলে পড়ছে। আর ছোট ছেলে হাফেজ হয়েছে। এতে আমি অত্যান্ত খুশি। আশা করি সে একজন ভালো মানুষ হবে, একজন বড় আলেম হবে।
আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারহান সাকিব জায়েদ বলেন, আমাদের মাদরাসার ছাত্র আবদুর রহমান মাত্র ৮ বছর বয়সে তার হিফয সম্পূর্ণ করেছে। এটি আমাদের জন্য আনন্দের। সে যথেষ্ট নম্র, ভদ্র ও পরিশ্রমী। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার পুরো জীবন কুরআন অনুযায়ী পরিচালনার তৌফিক দান করেন।
পিএস



























-20260725114857.jpg)










