ছবি: প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহীন আলম ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সহপাঠীরা জানান, ঘটনার দিন বন্ধুদের সঙ্গে সাইকেলে করে গঙ্গারহাট বাজার থেকে বাড়ি ফিরছিল শাহীন। পথে গঙ্গারহাট মোহরটারী হাফিজিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে তার সাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে পাঠানো হয়। রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহিনের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ







































