ছবি : প্রতিনিধি
শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে আড়াচন্ডি মোড়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে মিছিলের ব্যানারে ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নাম। প্রকাশ্যে এমন রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হলেও এ বিষয়ে কিছুই জানে না স্থানীয় থানা পুলিশ। মিছিলের কোনো তথ্য তাঁদের কাছে পৌঁছায়নি বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের জাজিরা পৌরসভা আড়াচন্ডি মোড়ে শরীয়তপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বঘোষিত ‘সর্বাত্মক ধর্মঘটের’ প্রতি সমর্থন জানিয়ে এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দেশব্যাপী ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি বের করা হয়।
মিছিলের ব্যানারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল আলিম বেপারীর ছবি দেখা যায়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী বলে উল্লেখ করা হলেও তাঁদের পরিচয় স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলার জনসমাগমপূর্ণ ও গুরুত্বপূর্ণ সড়কে প্রকাশ্যে এমন রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে কর্মসূচি চলাকালে কিংবা এর আগে-পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহাম্মদ বলেন, “জাজিরায় মিছিল হয়েছে, এমন কিছু আমার জানা নেই। এ বিষয়ে আমি কোনো তথ্যও পাইনি।”
প্রকাশ্য সড়কে মিছিল অনুষ্ঠিত হওয়ার পরও পুলিশের কাছে কোনো তথ্য না পৌঁছানোর বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের নজরদারি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
উল্লেখ্য, এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে কর্মসূচি পালন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বৈঠা ও লাঠি হাতে বিপুলসংখ্যক নেতাকর্মী টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
অবরোধ চলাকালে ককটেল বিস্ফোরণ ও কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় কার্যক্রম বন্ধ থাকে। ফলে পদ্মা সেতুর উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং সেতু দিয়ে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়।
একই উপজেলায় রাতের বেলায় টোলপ্লাজা অবরোধ এবং পরদিন বিকেলে গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিলের ঘটনায় জাজিরার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পিএস







































