ছবি : প্রতিনিধি
নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্থানীয় একটি মহিলা কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ধর্ষণের কারণে জন্ম নেওয়া ভিকটিমের নবজাতক কন্যা সন্তানের ভরণপোষণ, শিক্ষা ও লালন পালনের সার্বিক দায়িত্ব রাষ্ট্রকে বহন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুছ সালাম জনাকীর্ণ আদালতে স্পেশাল কেস (সি.আর.পি) নং- ৫৪৩/২০২৬ মামলায় এ রায় ঘোষণা করেন।
অপরদিকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি এবং দণ্ডিত শিক্ষকের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়।
রায় প্রদানের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল এই রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাত্র ৯ কার্যদিবসে এবং ৬০ দিনের মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ, শুনানি, পুলিশের চার্জশীট, ডিএনএ পরীক্ষা সবই সম্পন্ন হয় এবং মামলার বিচার কার্য সম্পন্ন হয়।
মামলায় বলা হয়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করে চিকিৎসক শিশুটি অন্তঃসত্ত্বা বলে জানান। পরে ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়।
এদিকে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়। নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
সিআইডির প্রতিবেদন প্রসঙ্গে তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল সাংবাদিকদের বলেছিলেন, “প্রতিবেদনে ১১ বছরের শিশুটির সন্তানের ও আসামি মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইল মিলেছে। অর্থাৎ ১১ বছরের শিশুটির কন্যাসন্তানের ‘জৈবিক বাবা’ আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর এটা প্রমাণিত হয়েছে।”
পরে ২৭ আগস্ট পুলিশ সাগর হুজুর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
পিএস







































