• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণকাজ


নাটোর প্রতিনিধি নভেম্বর ১২, ২০২৬, ১২:৫৯ পিএম
সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণকাজ

ছবি : প্রতিনিধি

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ মধ্যপাড়ায় সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে পাকা সড়ক নির্মাণকাজ। এতে একদিকে যেমন সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, অন্যদিকে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের আগে বিদ্যুতের খুঁটি স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা খুঁটিগুলো এখন যানবাহন চলাচলের জন্য বড় ঝুঁকি হয়ে উঠেছে। বিশেষ করে রাতে ও ঘন কুয়াশায় মোটরসাইকেল, ইজিবাইক ও অটোরিকশাচালকদের খুঁটি দেখতে না পেয়ে দুর্ঘটনায় পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা আতিকুল, আক্তার, জিয়া ও আসাদ আলীসহ অনেকে বলেন, সড়ক নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় থাকা জরুরি। অথচ বিদ্যুতের খুঁটি না সরিয়েই নির্মাণকাজ চালানো হচ্ছে। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে সরকারি অর্থের অপচয়ের আশঙ্কাও রয়েছে।

তাঁরা আরও জানান, সড়ক নির্মাণ শেষ হওয়ার পর বিদ্যুতের খুঁটি সরাতে গেলে নতুন করে নির্মিত সড়কের অংশবিশেষ ভাঙতে হতে পারে। এতে একই কাজে দুই দফা সরকারি অর্থ ব্যয়ের পরিস্থিতি তৈরি হবে। তাই নির্মাণকাজ চলমান থাকতেই খুঁটিগুলো নিরাপদ দূরত্বে স্থানান্তর করা প্রয়োজন।

এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রীও ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিনে পরিদর্শন করে কাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন তাঁরা।

সচেতন মহলের দাবি, সড়ক নির্মাণকাজের মান নিশ্চিত করার পাশাপাশি দ্রুত বিদ্যুতের খুঁটিগুলো অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা সহকারী প্রকৌশলী সজল আহমেদের মোবাইলে যোগাযোগ করলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।

পিএস

Link copied!