ছবি : সংগৃহীত
কুষ্টিয়া: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি বলেছেন, একজন সংসদ সদস্যের বাড়িতে মধ্যরাতে এভাবে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের পদ ছেড়ে দেওয়া উচিত। সংসদে বক্তব্য দিয়ে কিংবা পরিস্থিতি অস্বীকার করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আড়াল করা যাবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, গত ২৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তার কাছে একটি হুমকি ফোন আসে। এর আগে ও পরেও আরও কয়েকটি হুমকি পেয়েছেন তিনি। এসব বিষয়ে গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পরও তাকে হুমকি দেওয়া হয়েছে।
তিনি বলেন, বুধবার রাতে তার বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়।
সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী, মধ্যরাতে রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে পেট্রোলবোমা হামলা বলে মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ।
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নুসরাত তাবাসসুম বলেন, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পার হলেও তখন পর্যন্ত আলামত সংগ্রহ করা হয়নি। অন্যদিকে, দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের নিজস্ব ইউনিট না থাকায় দমকল বাহিনী পৌঁছাতে দেরি হয়। ততক্ষণে বাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায়।
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সন্ত্রাসী লীগের লোকজন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস করছে। তারা মনে করছে, এ ধরনের হামলা করে তাদের দমিয়ে রাখা যাবে, ভয় দেখানো যাবে। তাদের বলতে চাই, গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ এ ধরনের অসংখ্য ঘটনা দেখেছে। সেই অভিজ্ঞতার ফল হিসেবেই ২৪ এসেছে। এসব ঘটনা দিয়ে তাদের ভয় দেখানো বা কষ্ট দেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না।
পিএস







































