ছবি : সংগৃহীত
ঢাকা: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। বিগত আওয়ামী লীগ সরকার পরপর তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করে। তিনি আরও বলেন, ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে এদেশের জনগণ রাজপথে নেমে আসে। জনগণের দৃঢ় প্রতিরোধের কারণে এদেশের স্বৈরশাসনের অবসান হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর জনপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত হয়। সুবিধাবঞ্চিত ও অনগ্রসর মানুষের ভাগ্যোন্নয়নে আজকের ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, আপামর জনসাধারণের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বর্তমান সংসদ কাজ করছে।
স্পিকার আরও বলেন, রাজনৈতিকদের দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে এদেশের দুর্নীতি নির্মূল করা সম্ভব। রাজনৈতিকদের অধীনে আমলারা কাজ করে থাকেন।
তিনি বলেন, বাংলাদেশের দুর্নীতি নির্মূলের মাধ্যমে সমাজের সর্বস্তরের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
স্পিকার আরও বলেন, এবারের সংসদে নারী সংসদ-সদস্যবৃন্দ সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী সংসদ-সদস্যগণ আগের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ ও দক্ষ।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করলে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবে। প্রকৃত অর্থে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে এদেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
পিএস







































