খুলনার রূপসায় দোকানে বসে থাকা অবস্থায় বিএনপির সার্চ কমিটির সদস্য ও ইট-বালু ব্যবসায়ী মো. জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরক নামে এক ব্যক্তির দোকানে বসে ছিলেন জাকির হোসেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের আ. জলিল শেখের ছেলে। তিনি ওই ইউনিয়নের বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এম







































