• ঢাকা
  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রূপপুরের জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, সমন্বয় বাড়ানোর তাগিদ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি নভেম্বর ২১, ২০২৬, ০১:২৩ পিএম
রূপপুরের জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, সমন্বয় বাড়ানোর তাগিদ

ছবি : প্রতিনিধি

পাবনা: বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ও অবকাঠামোর ইতিবাচক দিক তুলে ধরেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ)। সংস্থাটির ১০ দিনব্যাপী Emergency Preparedness Review (EPREV) মিশনে কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ও আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আইএইএর মূল্যায়নে রূপপুরের অন-সাইট জরুরি ব্যবস্থাপনায় নির্দিষ্ট কোনো ঘাটতি বা সংশোধনমূলক পদক্ষেপের সুপারিশ উল্লেখ করা হয়নি বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্টরা। তবে জাতীয় পর্যায়ে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদারের সুপারিশ করেছে সংস্থাটি।

গত ৮ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে এ পর্যালোচনা অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর প্রকাশিত আইএইএর সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জরুরি প্রস্তুতির ইতিবাচক দিক তুলে ধরা হয়।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান শনিবার (২১ নভেম্বর) বলেন, আইএইএর সুপারিশ মূলত জাতীয় পর্যায়ের জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোকে আরও সমন্বিত করার লক্ষ্যে। বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব বণ্টন, সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, “জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না। রূপপুরের জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামো আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের মূল্যায়নে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত হওয়া তাৎপর্যপূর্ণ।”

আইএইএর পর্যালোচনা দলের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার বলেন, বাংলাদেশ পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা শক্তিশালী করতে দৃঢ় অঙ্গীকার দেখিয়েছে। রূপপুরের কমিশনিং প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবও ইতিবাচকভাবে উল্লেখ করেন তিনি।

বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের কার্যক্রম শুরুর প্রাক্কালে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএর মিশন দেশের প্রস্তুতি মূল্যায়ন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের সুযোগ তৈরি করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব নির্ধারণ করে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক নিরাপত্তা চর্চায় নিয়মিত পর্যালোচনা, প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সক্ষমতা উন্নয়ন স্বাভাবিক প্রক্রিয়া। আইএইএর এই মূল্যায়নে রূপপুরের নিজস্ব জরুরি প্রস্তুতির ইতিবাচক দিকের স্বীকৃতির পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বয় আরও সুসংহত করার দিকনির্দেশনা পাওয়া গেছে।

এসআই

Link copied!