ছবি: প্রতিনিধি
পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার দুবলিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুবলিয়া বাজারের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা ছোঁড়ে। বোমা দুটি কার্যালয়ের বাইরের বারান্দার দেয়ালে আঘাত হানলে সামান্য আগুন ধরে যায়। তবে আগুন ভেতরে ছড়িয়ে না পড়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যাংকটির দুবলিয়া শাখার ব্যবস্থাপক তানিয়া খাতুন বলেন, রাতে পেট্রলবোমার আঘাতে দেয়ালে আগুন ধরে গেলে দোতলায় থাকা কর্মকর্তারা দ্রুত তা নেভানোর চেষ্টা করেন। এ ঘটনায় তেমন ক্ষতি না হলেও সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। বিষয়টি প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনার আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, রাতের কোনো এক সময় বাইরে থেকে ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা ছোঁড়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভীতি সৃষ্টির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ







































