ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য আইনের এক মামলায় হাসিদ মণ্ডল (মৃত শহীদ মণ্ডলের ছেলে) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাসিদ মণ্ডল চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলাপাড়ার বাসিন্দা।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ৩০ জানুয়ারি রাতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার তালতলাপাড়ায় অভিযান চালায়। ওই সময় হাসিদ মণ্ডলকে আটক করা হয় এবং তাঁর দেহ তল্লাশি করে ৪০টি বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ২০২০ সালের ১ মার্চ হাসিদ মণ্ডলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার বিচারিক প্রক্রিয়ায় ছয়জন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে বুধবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন।
এসএইচ







































