• ঢাকা
  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাষ্ট্র ও জনগণের স্বার্থে কাজ করব: অ্যাটর্নি জেনারেল


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০২৬, ০৫:৫৫ পিএম
রাষ্ট্র ও জনগণের স্বার্থে কাজ করব: অ্যাটর্নি জেনারেল

ছবি : সংগৃহীত

ঢাকা: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তার নোট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে।

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে রোববার (২৯ মার্চ) নিজের প্রথম কর্মদিবসে অ‍্যাটর্নি কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে বেলা ১১টার দিকে সিনিয়র আইনজীবীদের সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন নতুন অ্যাটর্নি জেনারেল।

অ‍্যাটর্নি জেনারেল বলেন, ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করি। কিন্তু অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের সময় দলীয় বিষয় বিবেচনা করা হবে না। রাষ্ট্র ও জনগণের স্বার্থে আমি কাজ করব। আমার নিরপেক্ষ আদর্শের জায়গায় আমি অটল থাকব। ফলে কোনো তদবির বা দুর্নীতিকে আমি সুযোগ দেবো না।

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন জানিয়ে তিনি বলেন, আমি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবো। বিশ্বাস করি, তিনি আমার অনুরোধ বিবেচনা করবেন।

তিনি আরও বলেন, অবাধ তথ্য প্রবাহে আমি বিশ্বাস করি। কিন্তু অপতথ্য বা এআইয়ের মাধ্যমে ভুল তথ্য প্রবাহ বন্ধে সতর্ক থাকতে হবে।

পিএস

Wordbridge School
Link copied!