• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বছরের শুরুতে ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৪:৩৪ পিএম
বছরের শুরুতে ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি

ঢাকা : গত বছরের শেষ দুই মাসের ধারাবাহিকতা নতুন বছরে থাকল না। বছরের প্রথম মাস জানুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ৮৬ শতাংশে পৌঁছানোর খবর দিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

অর্থাৎ গত বছরের জানুয়ারি মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, তা এ বছরের জানুয়াতে পেতে ১০৯ টাকা ৮৬ পয়সা ব্যয় করতে হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিবিএস অনলাইনে মূল্যস্ফীতির এই হালনাগাদ তথ্য প্রকাশ করে।

গত বছরের শেষ দুই মাস নভেম্বর ও ডিসেম্বরে মূল্যস্ফীতির হার কমে যথাক্রমে ৯ দশমিক ৪৯ এবং ৯ দশমিক ৪১ শতাংশে নেমেছিল। তার আগের মাস অক্টোবরে এই হার উঠেছিল ৯ দশমিক ৯৩ শতাংশে। আর গত বছরের মে মাসে এক যুগের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৯৪ শতাংশে উঠেছিল মূল্যস্ফীতির পারদ।

গত বছরের জানুয়ারি মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছিল ৮ দশমিক ৫৭ শতাংশ। সে হিসাবে গত বছরের জানুয়ারি মাসের তুলনায় সাধারণ মূল্যস্ফীতি এ বছরের জানুয়ারি মাসে ১ দশমিক ২৯ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।

বিবিএস এর তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে মূল্যস্ফীতির কোপ সবচেয়ে বেশি পড়েছে দেশের শহরাঞ্চলে। শহরের সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ।

শহরাঞ্চলের খাদ্য উপখাতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ এবং খাদ্য বহির্ভূত উপখাতে ৯ দশমিক ৪৩ শতাংশ।

আর গ্রামাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি হয়েছিল ৯ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে খাদ্য উপখাতের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪১ শতাংশ; খাদ্য বহির্ভূত উপখাতে ৯ দশমিক ১৯ শতাংশ।

পরিসংখ্যান ব্যুরোর একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছরের জানুয়ারি মাসে শীতকালীন সবজি ও চালের দাম গত বছরের একই মাসের তুলনায় বেশি ছিল। বিশেষ করে পেঁয়াজ, রসুনসহ সকল ধরনের সবজি গত বছরের একই মাসের তুলনায় বেশি থাকায় জানুয়ারি মাসে মূল্যস্ফীতি বেশি ছিল।

এমটিআই

Link copied!