• ঢাকা
  • রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ওঠানামার মধ্যে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:১৩ এএম
ওঠানামার মধ্যে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ফাইল ছবি

ঢাকা: নতুন বছরের শুরু থেকেই এক রেকর্ড ভেঙ্গে আরেক রেকর্ড দেখা যাচ্ছিল সোনার দামে। তবে, বিনিয়োগকারীদের অর্থ তুলে নেওয়ার প্রবণতার কারণে মাঝে টানা দুই বড় পতনও চোখে পড়ে।

এ পরিস্থিতিতে যখন আশা করা হচ্ছিল, বাজার চাঙা হওয়ার আগে আরও অনেকটা নিচে নামবে সোনার দাম, ঠিক তখনই আবার বিশ্ববাজারে দেখা দিল উর্ধ্বগতি। বিশ্ববাজারে দামের এই ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও ঘন ঘন সোনার নতুন দাম নির্ধারণ করতে হচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনকে (বাজুস)। 

সবশেষ দাম কমানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে শনিবার (৩১ জানুয়ারি) রাতে ভরিতে এক লাফে ৪ হাজার ৮২ টাকা বাড়ানো হয়েছে সোনার দাম। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছে নতুন এই দাম।

এর আগে, একইদিন সকালে টানা দ্বিতীয় দফায় দেশের বাজারে সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন ভরিতে ১৫ হাজার ৭৬২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরের মাত্র ৩১ দিন পার হতেই দেশের বাজারে মোট ১৯ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ১৪ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে মাত্র ৫ বার। অন্যদিকে গত ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয় করা হয় সোনার দাম। এর মধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

এসআই

Wordbridge School
Link copied!