• ঢাকা
  • রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩৩ নেতাকর্মী


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:১২ এএম
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩৩ নেতাকর্মী

ছবি : প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় পৃথকভাবে জামায়াতে যোগ দিয়েছেন বিএনপির ৩৩ জন নেতাকর্মী। তাদের মধ্যে শিবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের এক বিএনপি কর্মী রয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলা দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি হাইস্কুল মাঠে ও সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আব্দুস সামাদ কলেজ মাঠে তারা জামায়াতে যোগ দেন।

শিবগঞ্জে ৮ বিএনপি নেতাকর্মীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী। অন্যদিকে ২৫ জন নেতাকর্মীকে ফুলের মালা পরিয়ে গ্রহণ করেন, চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।

জামায়াতের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদানের কথা জানান বিএনপি থেকে আসা নেতাকর্মীরা। তারা দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করবেন বলে জানান।

শিবগঞ্জে যোগদানকারীরা হলেন, দাইপুকুরিয়া ইউনিয়নের মিয়াপুর গ্রামের মো. আবদুল কাদির ও আইস উদ্দিন, বাগবাড়ি পূর্বপাড়া গ্রামের মো. আইসুদ্দিন, মো. শামসুদ্দিন, শ্রী চমৎকার ও মো. সেরাজুল সদ্দার এবং উত্তর মকিমপুর গ্রামের মো. জুবায়ের ও মো. মোস্তাক।

জামায়াতে যোগদানকারী হিন্দু সম্প্রদায়ের সদস্য শ্রী চমৎকার বলেন, জামায়াতে ইসলামীকে ভালো লেগেছে। দলটির আদর্শ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করেছে। সে কারণেই আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।
 
জামায়াত মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী বলেন, জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সকল মানুষের জন্য ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। এই আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ জামায়াতে যোগ দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
 
এদিকে, সুন্দরপুরে বিএনপি থেকে জামায়াতে নেতাকর্মীদের যোগদানের পর চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত দেশ ও জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে। আমাদের দলের আদর্শে উজ্জীবীত হয়ে কেউ যোগ দিলে তাদের জন্য দরজা খোলা রয়েছে। নির্বাচনের আগে জামায়াতে এমন যোগদানের ঘটনায় দলীয় নেতাকর্মীরা আরও বেশি উজ্জীবিত হবে বলে দাবি করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আবু জার গিফারী, নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমানসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এসআই

Wordbridge School
Link copied!