• ঢাকা
  • রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ করল সিএমপি


চট্টগ্রাম প্রতিনিধি ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:০৮ এএম
চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ করল সিএমপি

ফাইল ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর এলাকায় সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও যেকোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একই সঙ্গে লাঠি, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথরসহ ঝুঁকিপূর্ণ বস্তু বহন ও ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং দেশের আমদানি-রপ্তানির বড় অংশ এই বন্দর দিয়ে সম্পন্ন হয়। প্রতিদিন বিপুলসংখ্যক ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও অন্যান্য যানবাহনের চলাচল থাকে বন্দরের আশপাশের এলাকায়।

পুলিশের ভাষ্য, বন্দর এলাকায় কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ কিংবা অবরোধ কর্মসূচির ফলে যানজট সৃষ্টি হয় এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এতে জাতীয় অর্থনীতির ক্ষতি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তার ঝুঁকিও তৈরি হতে পারে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং জনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখার স্বার্থে পুলিশ কমিশনারের ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় বন্দর-সংলগ্ন বারিক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ও বন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় অস্ত্র, লাঠি, দাহ্য পদার্থ, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রাজনৈতিক দলের প্রচার-প্রচারণা ও নির্বাচনী কার্যক্রম এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে বন্দর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এসআই

Wordbridge School
Link copied!