• ঢাকা
  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফের ই-রিটার্ন দাখিলে সময় বাড়াতে ৫ হাজারের বেশি আবেদন


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০২৬, ১২:৩৪ পিএম
ফের ই-রিটার্ন দাখিলে সময় বাড়াতে ৫ হাজারের বেশি আবেদন

ফাইল ছবি

ঢাকা: আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি ব্যক্তি শ্রেণির করদাতা নিবন্ধন করেছেন এবং ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। 

তিন দফা বাড়িয়ে আগামী ৩১ মার্চ রিটার্ন জমার শেষ দিন নির্ধারণ করেছে এনবিআর। তবে ফের সময় বাড়াতে ৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে সংস্থাটিতে।

রোববার (২৯ মার্চ) এ তথ্য জানান এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।

চলতি ২০২৫-২০২৬ করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতা কর্তৃক অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। এ বছর ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে ব্যক্তি করদাতারা ৩১ মার্চের পূর্বে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় অনুমোদন করতে পারেন।

এনবিআর জানায়, রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি সহজ, দ্রুত, স্বচ্ছ এবং স্বস্তিদায়ক করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন সিস্টেম চালু করেছে। করদাতারা এখন সহজেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘Time Extension’ মেন্যু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করতে পারছেন।

মো. আল আমিন শেখ বলেন, গত কয়েকদিনে পাঁচ হাজারের অধিক করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদন করেছেন এবং বেশিরভাগ করদাতাকে স্বল্পসময়ের মধ্যে অনলাইনেই সময়ের আবেদন মঞ্জুর করা হয়েছে।

এনবিআর আরও জানায়, অনলাইনে দাখিল করা করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন করছেন। সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে করদাতা কোন জরিমানা বা অতিরিক্ত কর দেওয়া ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন। যেসব করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি তারা বর্ধিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করতে চাইলে তাদেরকে অবশ্যই ৩১ মার্চের পূর্বে আবেদন করতে হবে।

ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন না থাকলে সময়ের আবেদন দাখিলের পূর্বে অবশ্যই নিজ নামের বায়োমেট্রিক সিম ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। যেসব করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয় তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে উভয় পদ্ধতিতেই সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

সংস্থাটি বলছে, জরিমানা বা অতিরিক্ত কর দেওয়া এড়াতে জাতীয় রাজস্ব বোর্ড সব সম্মানিত ব্যক্তি করদাতাগণকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ মার্চে মধ্যে রিটার্ন দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তবে কেউ উক্ত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে অপারগ হলে যৌক্তিক কারণ উল্লেখ করে অনলাইনে ৩১ মার্চের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন সময় বৃদ্ধির আবেদন দাখিল করতে পারবেন।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!