• ঢাকা
  • সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছেঁড়া-ফাটা নোট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২৬, ০৯:০৬ এএম
ছেঁড়া-ফাটা নোট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত

দেশজুড়ে ছেঁড়া, ফাটা ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় এ বিষয়ে নতুন করে কঠোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এ ধরনের নোট গ্রহণ ও গ্রাহকদের যথাযথ বিনিময় মূল্য প্রদান সব তফসিলি ব্যাংকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার জারি করা এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের মানুষের স্বাভাবিক নগদ লেনদেন নিশ্চিত করতে প্রতিটি ব্যাংক শাখায় নিয়ম মেনে ক্ষতিগ্রস্ত ও অপ্রচলিত নোট গ্রহণ এবং তার পরিবর্তে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ করতে হবে।

যদিও আগে থেকেই এ ধরনের নির্দেশনা কার্যকর রয়েছে, তবুও বাজারে এখনো বিপুল পরিমাণ ছেঁড়া-ফাটা নোট ঘুরে বেড়াচ্ছে। এতে সাধারণ মানুষ প্রতিদিন লেনদেনে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।

এ পরিস্থিতি মোকাবিলায় ‘ক্লিন নোট পলিসি’ বাস্তবায়নে ব্যাংকগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ৫, ১০, ২০ ও ৫০ টাকার মতো ছোট মূল্যমানের নোট নিয়মিতভাবে গ্রহণ করে নির্ধারিত কাউন্টারের মাধ্যমে দ্রুত বিনিময়ের ওপর জোর দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, গ্রাহকদের এসব নোটের পরিবর্তে পরিষ্কার ও ব্যবহারযোগ্য নোট দিতে হবে। কোনো ব্যাংক শাখা এ সেবা দিতে অনীহা বা অবহেলা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দেশের সব তফসিলি ব্যাংককে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

এম

Link copied!