ফাইল ছবি
ঢাকা: শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের বেতন কয়েক গুণ বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বিএসইসির চেয়ারম্যানের মাসিক বেতন বর্তমান ৮৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা এবং কমিশনারদের বেতন ৭৮ হাজার টাকা থেকে ৪ লাখ টাকা করার সুপারিশ করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবনায় বিএসইসির শীর্ষ পদগুলোর জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে চেয়ারম্যানের বেতন প্রায় ৫৯৮ শতাংশ এবং কমিশনারদের বেতন প্রায় ৪১৩ শতাংশ বৃদ্ধি পাবে।
বর্তমানে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সরকারের সর্বোচ্চ আমলাতান্ত্রিক পদ মন্ত্রিপরিষদ সচিবের মূল বেতন ৮৬ হাজার টাকা। সে তুলনায় বিএসইসি চেয়ারম্যানের প্রস্তাবিত বেতন হবে প্রায় সাত গুণ বেশি।
প্রস্তাবনায় বলা হয়েছে, গত ৪ জুন বিএসইসির চেয়ারম্যান এবং তিনজন কমিশনারকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপত্র অনুযায়ী, চেয়ারম্যান ও কমিশনারদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।
এতে আরও বলা হয়েছে, এর আগে অর্থ বিভাগের একটি স্মারকের মাধ্যমে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের বেতন-ভাতা নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে চেয়ারম্যান মাসিক ৮৬ হাজার টাকা মূল বেতন পান। এর পাশাপাশি বাসাভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা বাবদ আরও ৮৬ হাজার টাকা এবং আপ্যায়ন ভাতা হিসেবে ৩ হাজার টাকা পান।
অন্যদিকে কমিশনাররা মাসিক ৭৮ হাজার টাকা মূল বেতন ছাড়াও বাসাভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা বাবদ আরও ৭৮ হাজার টাকা এবং আপ্যায়ন ভাতা হিসেবে ২৫০০ টাকা পান।
বেতন পুনর্নির্ধারণের পক্ষে যুক্তি হিসেবে প্রস্তাবনায় বলা হয়েছে, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের যোগ্যতা ও দক্ষতা বিবেচনায় তাদের বেতন-ভাতা পুনর্নির্ধারণ প্রয়োজন। এ কারণে চেয়ারম্যানের মাসিক সর্বসাকল্যে বেতন ৬ লাখ টাকা এবং কমিশনারদের ৪ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া প্রচলিত বিধি অনুযায়ী জ্বালানি ব্যবহারের নির্ধারিত সীমার মধ্যে সার্বক্ষণিক ব্যবহারের জন্য চালকসহ গাড়ি এবং অফিস ও আবাসিক টেলিফোন সুবিধা দেওয়ার প্রস্তাবও করা হয়েছে।
এএইচ/পিএস

























-6a397791a3645-20260622190839.jpg)













