• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঋণখেলাপির বিষয়ে যা বলল টেকনো ড্রাগস


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৭, ২০২৬, ০২:৪২ পিএম
ঋণখেলাপির বিষয়ে যা বলল টেকনো ড্রাগস

ফাইল ছবি

সরকারি দরপত্রে বিক্রি সাময়িক বন্ধ থাকায় প্রত্যাশিত নগদ প্রবাহে প্রভাব পড়েছে বলে জানিয়েছে শেয়ারবাজারের কোম্পানি টেকনো ড্রাগস। এর ফলে ব্যাংক ঋণের নিয়মিত কিস্তি পরিশোধে সাময়িক বিলম্ব হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।

গত ৫ অক্টোবর একটি অনলাইন সংবাদমাধ্যমে টেকনো ড্রাগসের প্রধান কারখানা নিলামে ওঠা এবং ২০৩ কোটি টাকা ঋণখেলাপির খবর প্রকাশের পর ৬ অক্টোবর কোম্পানির কাছে ব্যাখ্যা চায় ডিএসই। জবাবে টেকনো ড্রাগস জানায়, গাজীপুর ও নরসিংদীতে তাদের দুটি উৎপাদন কারখানা রয়েছে। কোম্পানির উৎপাদিত ওষুধের একটি বড় অংশ, বিশেষ করে জন্মনিয়ন্ত্রণ পণ্য, ঐতিহাসিকভাবে সরকারি দরপত্রের মাধ্যমে বিক্রি হয়ে থাকে।

কোম্পানির দাবি, আগের বছর সরকারি দরপত্রের মাধ্যমে বিক্রি সাময়িকভাবে বন্ধ থাকায় প্রত্যাশিত নগদ প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে নিয়মিত ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে সাময়িক বিলম্ব হয়। কিস্তি পরিশোধে বিলম্বের কারণে সংশ্লিষ্ট ব্যাংক একটি নোটিশ দেয়, যা সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

টেকনো ড্রাগস জানিয়েছে, বিষয়টি সমাধানে ব্যাংকের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। ব্যাংকের সঙ্গে সমঝোতার মাধ্যমে চেকের মাধ্যমে ঋণ সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানির দাবি, তাদের উভয় কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। সরকারি দরপত্রের কার্যক্রম আবার শুরু হলে আয় ও ব্যাংকিং কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করছে তারা।

ডিএসই ও বিনিয়োগকারীদের আশ্বস্ত করে টেকনো ড্রাগস জানিয়েছে, সাময়িক ঋণসংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানে ব্যবস্থাপনা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এসএইচ 

Link copied!