• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ


ঢাবি প্রতিনিধি জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:৩৫ পিএম
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

ছবি: প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর ছাত্রশিবির। গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে একদল হারবে, একদল জিতবে এটাই স্বাভাবিক। কিন্তু হারার আশঙ্কায় নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়ে তরুণদের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচন বন্ধ করে দেওয়ার চেষ্টা ছাত্রসমাজ কখনোই মেনে নেবে না।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল হাইকোর্টে গিয়ে এমন একটি রায় আদায় করেছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার খর্ব করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদসহ সব ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। নির্ধারিত সময়ের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন হতে হবে।

জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন হওয়ার কথা থাকলেও হঠাৎ করে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বন্ধের অপচেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, একটি ছাত্র সংগঠন খেলাচ্ছলে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর আগেও কিছু সংগঠন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে নানা অজুহাতে অস্থিতিশীলতা তৈরি করেছে। নির্বাচন বাস্তবায়নের পথে যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে হবে। তা না হলে দেশের জনগণ ও শিক্ষার্থীরা প্রতিবাদে নামবে।

ঢাবি শিবির সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, আমরা দেখতে পাচ্ছি, যারা শিক্ষার্থীদের দ্বারা প্রত্যেকটি ছাত্র সংসদে প্রত্যাখ্যাত হয়েছে, শিক্ষার্থীরা যাদেরকে লাল কার্ড দেখিয়েছে তারা ষড়যন্ত্রের মাধ্যমে আরেকটি ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করতে চায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমরা অটল। নির্ধারিত তারিখেই শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!