• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উৎসব ভাতা ও বেতন নিয়ে বড় সুখবর পেলেন শিক্ষক-কর্মচারীরা


নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২৬, ০৮:০৭ পিএম
উৎসব ভাতা ও বেতন নিয়ে বড় সুখবর পেলেন শিক্ষক-কর্মচারীরা

ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত চার লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য উৎসব ভাতা নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ সংক্রান্ত প্রস্তাবে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দেওয়ায় আসন্ন ঈদুল ফিতরের আগে শিক্ষক-কর্মচারীরা উৎসব ভাতা পেতে যাচ্ছেন।

মাউশি সূত্রে জানা গেছে, বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার প্রস্তাবে অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপরই উৎসব ভাতার তথ্য সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থা (আইবাস) এ পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড় হওয়ার পর তা সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।

সবকিছু ঠিক থাকলে আগামী রোববার থেকেই শিক্ষক-কর্মচারীরা তাদের উৎসব ভাতার অর্থ পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, শিক্ষকদের ঈদ বোনাস সংক্রান্ত প্রস্তাবে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। ইতোমধ্যে তা আইবাসে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড় হতে একদিন সময় লাগতে পারে। এরপরই শিক্ষক-কর্মচারীরা তাদের ঈদ বোনাসের অর্থ পেয়ে যাবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে পাঠানো হয়। অনলাইনে বিল দাখিলের পর যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড় করা হয়। চূড়ান্ত অনুমোদনের পর বেতন-ভাতা সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও স্বচ্ছভাবে প্রদানের জন্য সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের ব্যবস্থা চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও সহজ ও স্বচ্ছ হয়েছে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!