• ঢাকা
  • রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মৃত্যুর আগে ঢাবি শিক্ষার্থী লিখে গেলেন শিক্ষকের নাম, চিরকুটে রহস্য 


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এপ্রিল ২৬, ২০২৬, ০৩:৫২ পিএম
মৃত্যুর আগে ঢাবি শিক্ষার্থী লিখে গেলেন শিক্ষকের নাম, চিরকুটে রহস্য 

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় বিভাগের এক শিক্ষক ও মিমোর এক ঘনিষ্ঠ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মিমোর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রাজধানীর বাড্ডায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের বাসাতেই তিনি আত্মহত্যা করেছেন।

বিভাগীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে এক শিক্ষকের নাম উল্লেখ করে কিছু কথা লেখা ছিল, যা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। চিরকুটে উল্লেখ ছিল নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়ার কথা এবং ব্যক্তিগত কিছু বার্তা।

চেয়ারম্যান আরও জানান, সকালে বিষয়টি জানার পর বিভাগের শিক্ষকরা মিমোর বাসায় যান। পরে তার মোবাইল ফোনের কিছু তথ্য বিশ্লেষণ করে এক শিক্ষকের সঙ্গে সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়। এর ভিত্তিতেই পুলিশ সংশ্লিষ্ট শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। একই সঙ্গে তার এক ঘনিষ্ঠ বন্ধুকেও জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

গুলশান বিভাগের বাড্ডা জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া কিছু আলামতের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই ঘটনায় শিক্ষার্থীর ঘনিষ্ঠ এক বন্ধুকেও জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে।

ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে সবার নজর রয়েছে।

এসএইচ 

Link copied!