• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাবি উপাচার্যের পদত্যাগ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৪, ২০২৬, ০৭:২০ পিএম
ঢাবি উপাচার্যের পদত্যাগ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর পদত্যাগের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করা হলেও তা এখনো অনুমোদন করা হয়নি।

শনিবার রাজধানীর মিন্টো রোড-এ নিজ বাসভবনে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

উপাচার্যের পদত্যাগের বিষয়টি সমাধান না হওয়ায় প্রশাসনিক স্থবিরতা তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখানে একটি গ্যাপ রয়েছে। তিনি জানান, পদত্যাগপত্রটি তিনি গ্রহণ করেছেন, তবে এখনো তা চূড়ান্তভাবে অনুমোদন করেননি। যতক্ষণ পর্যন্ত তিনি নিজে চূড়ান্ত সিদ্ধান্ত না নিচ্ছেন, ততক্ষণ বিষয়টি খোলা থাকবে।

শিক্ষামন্ত্রী বলেন, উপাচার্য একজন ভদ্র ও যোগ্য ব্যক্তি। তাঁকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কাজে লাগানোর সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিভিন্ন কাউন্সিল, বিশেষ করে স্বীকৃতি বিষয়ক কাউন্সিলে দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন মন্ত্রী।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন ড. নিয়াজ আহমদ খান। তিনি শিক্ষামন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ তখন জানান, পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!