• ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিটফোর্ডে অভিযানে ১০ লাখ টাকার অবৈধ ওষুধ জব্দ


নিজস্ব প্রতিবেদক জুন ১৭, ২০২৬, ১১:২৯ এএম
মিটফোর্ডে অভিযানে ১০ লাখ টাকার অবৈধ ওষুধ জব্দ

ছবি: সংগৃহীত

রাজধানীর কোতোয়ালি থানার মিটফোর্ড মেট্রো সুপার মার্কেটে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার অননুমোদিত ও কর ফাঁকি দেওয়া বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যথাযথ নিয়ম না মেনে ওষুধ বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টা থেকে বেলা ৪টা পর্যন্ত ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং র‌্যাব-১০-এর সমন্বয়ে মিটফোর্ড এলাকার বিভিন্ন মার্কেটে এই যৌথ অভিযান চালানো হয়।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রশীদ এবং ওষুধ পরিদর্শক মো. মাকসুদুল হক রাতুল। অভিযানে সার্বিক সহায়তা করে র‌্যাব-১০ (লালবাগ) এর একটি দল।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কর ফাঁকি দিয়ে বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রির পাশাপাশি বিভিন্ন গুদামে ইনসুলিনসহ অন্যান্য তাপসংবেদনশীল ওষুধ যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছিল না। এছাড়া সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ মজুত করার অপরাধে একটি গুদাম সিলগালা করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে চারজন ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি জব্দকৃত ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ওষুধগুলো ধ্বংসের উদ্দেশ্যে র‌্যাবের হেফাজতে নিয়েছেন।

এসএইচ 

Link copied!