ফাইল ছবি
ঢাকা: দেশে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৭ জন শিশু।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫ জন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশু হাম উপসর্গে মারা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ শিশু প্রাণ হারিয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট হামে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২৮ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ শিশু।
পিএস







































