• ঢাকা
  • শনিবার, ০৭ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ট্রাম্পের হুমকির পর হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৭, ২০২৬, ০৯:৫৭ পিএম
ট্রাম্পের হুমকির পর হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু খুঁজছে ইরান। দেশটির এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ তথ্য জানিয়েছে।

শনিবার ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে এবং সেখানে ‘সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যুর’ মতো কঠোর হামলা চালানো হতে পারে।

ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের এক কর্মকর্তা দাবি করেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ বিস্তৃত করার এবং সরাসরি তাদের হত্যার হুমকি দিচ্ছে। তার ভাষায়, এমন পরিস্থিতিতে ইরানও সম্ভাব্য মার্কিন লক্ষ্যবস্তু পুনরায় মূল্যায়ন করছে।

তিনি আরও বলেন, আমেরিকার যেসব অঞ্চল, সামরিক বাহিনী কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এখনো ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্য তালিকায় নেই, সেগুলোও পর্যালোচনা করে তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। প্রয়োজনে সেগুলোতে হামলার পরিকল্পনাও করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে জানা যায়।

এর জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। সূত্র: সিএনএন

এম

Wordbridge School
Link copied!