• ঢাকা
  • রবিবার, ১২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দ্বিতীয় দিনে গড়াল ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১২, ২০২৬, ০৯:১০ এএম
দ্বিতীয় দিনে গড়াল ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা

ফাইল ছবি

ঢাকা: দ্বিতীয় দিনে গড়িয়েছে পাকিস্তানের মধ্যস্থতায় দীর্ঘ প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি শান্তি আলোচনা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ নিশ্চিত করেছে যে, দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে এ আলোচনা রোববারও (১২ এপ্রিল) থাকবে। খবর আল-জাজিরার। 

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার (১১ এপ্রিল) যৌথ আলোচনা শুরু হওয়ার পর এরই মধ্যে প্রায় ১৫ ঘণ্টা পার হয়ে গেছে।

ইসলামাবাদের ঐতিহ্যবাহী সেরেনা হোটেলে এখনও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চলছে। 

এর আগে ফার্স নিউজ জানিয়েছিল, দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার একটি গুরুত্বপূর্ণ ধাপ ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে।

বর্তমানে উভয় পক্ষের বিশেষজ্ঞ দলগুলো একে অপরের সঙ্গে প্রস্তাবিত আলোচনার খসড়া বিনিময় করছে। এই খসড়াগুলো পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত কোনও চুক্তির দিকে এগোনোর পথ তৈরি করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে চলা চরম উত্তেজনার পর পাকিস্তান ও কাতারের কূটনৈতিক প্রচেষ্টায় এ বৈঠকটি আয়োজিত হচ্ছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

এসআই

Link copied!