• ঢাকা
  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বর্ণের দাম ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২১, ২০২৬, ১২:৫৮ পিএম
স্বর্ণের দাম ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দামে টানা পতন অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সুদের হার বাড়ার আশঙ্কা, শক্তিশালী ডলার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারবাজারে দরপতনের প্রভাবে মূল্যবান এই ধাতুর দাম কমছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল দিনের একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে নেমে আসে। পরে বাংলাদেশ সময় আজ শনিবার রাত ২টা ২৫ মিনিটে স্পট গোল্ডের দাম দাঁড়ায় ৩ হাজার ৫১৪ ডলার ৮ সেন্টে। আগের দিনের তুলনায় এ দাম ৩ শতাংশ কম।

এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস স্বর্ণের দাম কমল। চলতি সপ্তাহে এখন পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ। গত ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। অন্যদিকে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ৪ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৫ ডলার ৪০ সেন্টে স্থির হয়েছে।

বিশ্লেষকদের মতে, এআই খাতের শেয়ারবাজারে দরপতনের কারণে বিনিয়োগকারীরা লোকসান সামাল দিতে স্বর্ণের বিনিয়োগও বিক্রি করছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা এবং শক্তিশালী ডলার স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। ফিলাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট আনা পলসন মূল্যস্ফীতির ঝুঁকির কথা উল্লেখ করে বলেছেন, পরিস্থিতি বিবেচনায় সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে। বাজার বিশ্লেষকদের হিসাবে, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৯৬ শতাংশ।

এদিকে শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। গতকাল রুপার দাম ৪ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৯৯ সেন্টে নেমেছে। প্লাটিনামের দাম কমেছে ৩ দশমিক ৪ শতাংশ আর প্যালাডিয়ামের দাম কমেছে ২ দশমিক ১ শতাংশ।

তবে বাজার বিশ্লেষক জিম ওয়াইকফের ধারণা, আগামী কয়েক কার্যদিবসে স্বর্ণ ও রুপার দাম আরও কমতে পারে। তবে খুব শিগগিরই এই দুই ধাতুর দামে নিম্নমুখী প্রবণতা থামতে পারে বলেও মনে করেন তিনি।

এসএইচ 

Link copied!