• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিল মারা ব্যালটের ছবিতে ফেসবুকে সয়লাব 


নীলফামারী প্রতিনিধি ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৪:০৪ পিএম
সিল মারা ব্যালটের ছবিতে ফেসবুকে সয়লাব 

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন ও ভোট শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিল মারা ব্যালট পেপারের অসংখ্য ছবি ছড়িয়ে পড়েছে। এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, গোপনীয়তা এবং আচরণবিধি বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

ভোটের দিন সকাল থেকেই বিভিন্ন ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ও পেজে ভোটারদের সিল দেওয়া ব্যালট পেপারের ছবি পোস্ট করতে দেখা যায়। অনেক ক্ষেত্রে ভোটাররা ভোটকেন্দ্রের গোপন কক্ষে নিজেদের পছন্দের প্রতীকে সিল দেওয়ার পর সেই ব্যালটের ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। কিছু পোস্টে রাজনৈতিক সমর্থনের বক্তব্যও যুক্ত ছিল, যা নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে বিতর্ক তৈরি করেছে।

সোশ্যাল মিডিয়ায় একাধিক ব্যালট পেপারের ছবি ঘুরতে দেখা গেছে। এসব ছবি ঘিরে ভোট জালিয়াতি, ব্যালট ব্যবস্থাপনায় অনিয়ম বা ভোটকেন্দ্রে নজরদারির ঘাটতি আছে কি না তা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

নির্বাচনী আইন ও আচরণবিধি অনুযায়ী ভোটের গোপনীয়তা রক্ষা করা বাধ্যতামূলক। অধিকাংশ দেশে ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহার, বিশেষ করে ব্যালট পেপারের ছবি তোলা বা প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি নেই। সেই কারণে প্রশ্ন উঠেছে, ভোটাররা কীভাবে মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করলেন এবং গোপন কক্ষে সিল মারা ব্যালটের ছবি তুললেন।

নীলফামারী-১ আসনের ৬৬ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু রায়হান সোহেল বলেন, “আমার জানা নেই কেউ কীভাবে ছবি তুলছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কেউ মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ না করতে পারে। কিন্তু তল্লাশি ও সুষ্ঠু ভোট গ্রহণের মধ্যেই এই ঘটনা ঘটছে, কীভাবে হচ্ছে বুঝতে পারছি না।”

এসএইচ 

Wordbridge School
Link copied!