• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভোটকেন্দ্রে সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনসিপির


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৪:৩০ পিএম
ভোটকেন্দ্রে সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনসিপির

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বাধা, ব্যালট ছিনতাই ও ককটেল বিস্ফোরণের মতো গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। 

বৃহস্পতিবার দুপুর দুইটায় বাংলামোটরে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন সংবাদ সম্মেলনে এসব ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে তারা নির্বাচন বয়কট বা প্রত্যাখ্যান করতে পারেন।

সংবাদ সম্মেলনে মনিরা শারমিন উল্লেখ করেন, ঢাকা-১৮ আসনের উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্টরা দলীয় কার্ড ঝুলিয়ে ভোটকক্ষে অবস্থান করেছেন, যা নির্বাচনী বিধির পরিপন্থী। একই আসনের খিলক্ষেত থানার নিকুঞ্জে নারী ভোটারদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। কুমিল্লার একটি কেন্দ্রে এক কক্ষে একাধিক পোলিং এজেন্ট থাকার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। নিয়ম অনুযায়ী, একটি কক্ষে একজন প্রার্থীর পক্ষে একজন পোলিং এজেন্ট থাকতে পারেন।

ঢাকা-১৭ আসনে পোলিং এজেন্টের অনুপস্থিতিতে সিল মারার অভিযোগও পাওয়া গেছে। এনসিপি জানাচ্ছে, সত্য হলে এর দায়ভার প্রার্থী তারেক রহমানকে নিতে হবে। এছাড়া, ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। পাবনা-১ আসনেও জামায়াতে ইসলামীর প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে এনসিপি প্রার্থী মো. আতাউল্লাহর চিফ এজেন্টকে জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

মনিরা শারমিন আরও জানান, নোয়াখালীর হাতিয়ায় সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে। সেখানে এনসিপি প্রার্থী হান্নান মাসউদের স্ত্রী ও ভাইকে মারধর করা হয়েছে এবং মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ এসেছে। একই এলাকায় সাংবাদিক মিরাজ উদ্দিন দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন। হাতিয়ার নলচিরা ইউনিয়নে ভোটারদের কেন্দ্র যাওয়ার পথেও বাধা দেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ-৩ ও গোপালগঞ্জ সদর উপজেলার দুটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে; গোপালগঞ্জে দুই আনসার সদস্যসহ এক শিশু আহত হয়েছে। শেরপুর-১ আসনে ব্যালট বই ছিনতাইয়ের অভিযোগ উঠেছে, পরে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার করা হয়েছে। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে একাধিক ভোটার অভিযোগ করেছেন, তাদের ভোট আগে থেকে দেওয়া হয়ে গেছে। টাঙ্গাইল-৮ আসনে সহকারী প্রিজাইডিং অফিসার নির্দিষ্ট প্রতীকে সিল মেরে দিচ্ছেন। পিরোজপুর-৩ আসনে জোর করে নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভুয়া পোলিং এজেন্ট, নাটোর ও যশোরে সাংবাদিক ও সমর্থকদের ওপর হামলা, গাজীপুরে নারী ভোটারদের মারধর এবং মেহেরপুরে বিভিন্ন কেন্দ্রে ভোটার ও এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ সংবাদ সম্মেলনে উঠে এসেছে। ঢাকা-২০ আসনে কেন্দ্র দখল ও বুথ উৎখাতের অভিযোগও এসেছে।

মনিরা শারমিন বলেন, রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ পাওয়া যাচ্ছে না। প্রার্থীরা লিখিত অভিযোগ দিলেও কোনো কার্যকর সমাধান হচ্ছে না। বিভিন্ন স্থানে ভোট রিগিং ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। তিনি সতর্ক করে দিয়েছেন, এভাবে কোনো দল ক্ষমতায় আসতে চাইলে সাধারণ জনগণ তা মেনে নেবে না। এছাড়া বিএনপির প্রার্থীরা গোপনে ভোটারদের ‘না’ ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন।

এসএইচ 

 

Wordbridge School
Link copied!