ছবি : প্রতিনিধি
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে দেশের চার জেলায় চার ভোটকেন্দ্রে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে অসুস্থবোধ করার পর। অপরজনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।
যেসব জেলায় চারজনের মৃত্যু হয়েছে সেগুলো মধ্যে রয়েছে চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায়।
চট্টগ্রাম: নগরীতে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ভোটারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম মো. মনু মিয়া (৬২)। তিনি একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
খুলনা: খুলনায় ভোটকেন্দ্রের বাইরে জামায়াতকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বিএনপি বলছে, এক জামায়াত নেতা ‘ধাক্কা দেওয়ায়’ গাছের সঙ্গে লেগে আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়। তবে জামায়াত নেতারা বলছেন, উত্তেজনার মধ্যে ‘অসুস্থ’ হয়ে পড়েছিলেন তিনি।
মহিবুজ্জামান কচি নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি খুলনা নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাই লেনে তার বাড়ি।
ব্রাহ্মণবাড়িয়া: সরাইল উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। মুজাহিদুল ইসলাম (৪৮) বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে (ভোটকেন্দ্র নং -৫১) দায়িত্ব পালন করছিলেন। সকাল ৯টার দিকে হঠাৎ করেই তিনি অসুস্থবোধ করেন। সহকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ‘মস্তিষ্কের রক্তক্ষরণে’ মুজাহিদুল মারা গেছেন বলে চিকিৎসক ধারণা করছেন।
মানিকগঞ্জ: মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ভোট দিতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে তার মৃত্যু হয় বলে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফয়সাল আহমেদ জানিয়েছেন।
মৃত ৬৫ বছর বয়সী বাবু মিয়া মহাদেবপুর ইউনিয়ন পরিষদের মহাদেবপুর গ্রামের বাসিন্দা; তার বাবার নাম হামেদ মিয়া।
পিএস







































