• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সকালে ফ্যামিলি কার্ড বিকেলে নদী-খাল-জলাধার খনন নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:২৬ এএম
সকালে ফ্যামিলি কার্ড বিকেলে নদী-খাল-জলাধার খনন নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

বুধবারের মতো আজ বৃহস্পতিবারও সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ দিন সকালে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ এবং বিকেলে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন কর্মকৌশল নির্ধারণ ও নির্দেশিকা প্রণয়নে আন্তঃমন্ত্রণালয় সভায় অংশ নিবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, গতকাল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিতব্য বৈঠকে সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা এই সভায় গ্রহণ করা হবে। 

সভায় উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী, শিল্প মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, খাদ্য-মৎস ও প্রাণী সম্পদ-কৃষি মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন, মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা।

এরপর দুপুর ২টায় নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন কর্মকৌশল নির্ধারণ ও নির্দেশিকা প্রণয়নে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী, ভূমিমন্ত্রী, কৃষিমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, শিক্ষামন্ত্রী, ডাক টেলিযোগাযোগ মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন, মন্ত্রী পরিষদ সচিব।

এর আগে সকাল পৌনে ৯টায় গুলশানস্থ বাসভবন থেকে বাংলাদেশ সচিবালয়ের উদ্যেশ্যে যাত্রা করবেন তিনি। সকাল সাড়ে ৯টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ১০টায় ডিজিএফআই এর মহাপরিচালক প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে। প্রথম কার্যদিবসে সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বেলা ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করেন। এরপর বিকেল ৪টায় সচিবদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

এসআই/এম

Wordbridge School
Link copied!