• ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরকারি-বেসরকারি সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ 


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২৬, ০৮:০০ পিএম
সরকারি-বেসরকারি সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ 

ফাইল ছবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, দিবসটি উদ্‌যাপন উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও পতাকা উত্তোলন করা হবে।

এর আগে গত ৫ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। সেই সিদ্ধান্ত অনুযায়ী, এবার দিনটিতে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন সংক্রান্ত পরিপত্রে দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থানের পর গৃহবন্দি হন জিয়াউর রহমান। পরে আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে আটকাবস্থা থেকে মুক্ত হন তিনি। এরপর দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়াউর রহমান।

দিনটিকে বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। তবে আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় দিবসের তালিকায় দিনটি রাখা হয়নি। বিগত অন্তর্বর্তী সরকারের সময়েও দিবসটি জাতীয় দিবসের তালিকায় অন্তর্ভুক্ত ছিল না।

সরকারের নতুন সিদ্ধান্তের ফলে এবার ৭ নভেম্বর সরকারি ছুটির পাশাপাশি দেশের সরকারি-বেসরকারি ভবন ও বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

এসএইচ 

Link copied!