• ঢাকা
  • সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পহেলা বৈশাখে কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২৬, ১২:৪১ পিএম
পহেলা বৈশাখে কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

ছবি : সংগৃহীত

ঢাকা: র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেছেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে রমনা বটমূলে আপাতত কোনো ধরনের হুমকি নেই। সোমবার (১৩ এপ্রিল) সকালে রমনার বটমূলের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ ও পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

র‌্যাব মহাপরিচালক বলেন, ভার্চুয়াল জগতে পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে এজন্য র‌্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রেখেছে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে অনুষ্ঠান স্থলে আসা নারীদের উত্যক্ত, ইভটিজিং, যৌন হয়রানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

আহসান হাবীব বলেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে সারা দেশে ১৫টি ব্যাটালিয়ন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিজ নিজ এলাকায় র‌্যাব ব্যাটালিয়নের সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করবে। এজন্য সারা দেশে ১৮১টি পিকআপ পেট্রোল, ১২১টি মোটরসাইকেল পেট্রোল ও সব মিলে ৩০৮ টি টহল টিম এবং সাদা পোশাকে র‌্যাবের সদস্যরা মাঠে থাকবেন। 

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট এবং ডগস স্কোয়াড সুইপিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে জানিয়ে র‌্যাব ডিজি বলেন, সুইপিংয়ের পরিচালনার পাশাপাশি তাদেরকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে। পহেলা বৈশাখের দিন অনুষ্ঠান চলাকালীন সময়ে সারা দেশে থাকবে র‍্যাবের মনিটরিং রুম। এছাড়াও থাকবে ফুট ও মোটরসাইকেল পেট্রোল, চেক পোস্ট, সিসি টিভি মনিটরিং ব্যবস্থা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

পিএস

Link copied!