ছবি : সংগৃহীত
ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের উদ্যোগ নিতে হবে।
বৃহস্পতিবার (১৪ মে) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কক্সবাজারের
সি-সেইফ লাইফগার্ড সার্ভিস পরিচালনাকারী প্রতিষ্ঠান Centre for Injury Prevention and Research, Bangladesh (CIPRB) এবং দাতা সংস্থা Royal National Lifeboat Institution (RNLI) এর সঙ্গে আলোচনা সভায় তিনি একথা বলেন।
পর্যটন মন্ত্রী বলেন, পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট নীতিমালার সংশোধন অত্যন্ত জরুরি। তাছাড়া, কক্সবাজার ও পটুয়াখালী সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনেরও উদ্যোগ নিতে হবে আমাদের। এলক্ষ্যে কক্সবাজার ও পটুয়াখালীর জেলা প্রশাসককে অতি দ্রুত মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করার নির্দেশ দেন মন্ত্রী।
সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ট্যুরিস্ট পুলিশের সদস্য সংখ্যা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করা হবে। একইসঙ্গে লাইফগার্ড সার্ভিস প্রদানকারী কর্মীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। লাইফগার্ড সার্ভিস প্রদান অব্যাহত রাখার স্বার্থে আপাতত সিএসআর ফান্ড সংগ্রহ করা হবে। ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে স্থায়ী অবকাঠামো নির্মাণ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, মন্ত্রণালয়, CIPRB ও RNLI এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পিএস







































